
ডেস্ক:: রাজধানীর বেইলী রোডে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে উপস্থিত হয়ে শিশুদের পরিবেশিত একটি নাটক উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় তিনি সেখানে যান এবং ‘কবি চিতাবাঘ’ নামক শিশুতোষ নাটকটি দেখেন।
প্রধানমন্ত্রীর এই ঝটিকা সফরে তাঁর সঙ্গে সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান উপস্থিত ছিলেন। বিশেষ কোনো নিরাপত্তা কড়াকড়ি বা আড়ম্বর না থাকায় সাধারণ দর্শকদের অনেকেই প্রথমে প্রধানমন্ত্রীর উপস্থিতির বিষয়টি বুঝতে পারেননি। সাধারণ দর্শকদের সাথে মিশেই তিনি পুরো নাটকটি উপভোগ করেন।
মিলনায়তনে উপস্থিত থাকা দর্শকরা জানান, প্রধানমন্ত্রীর আসার বিষয়ে আগে থেকে কোনো ঘোষণা ছিল না। খুব সাধারণভাবেই তিনি পরিবারের সদস্যদের নিয়ে নাটক দেখতে আসেন। তানহা চৌধুরী নামের এক দর্শক অনুভূতি প্রকাশ করে বলেন, “আমি আমার মেয়েকে নিয়ে নাটক দেখতে এসেছিলাম। হঠাৎ খেয়াল করলাম প্রধানমন্ত্রী আমাদের মাঝেই বসে নাটকটি দেখছেন। সাধারণ মানুষের সঙ্গে তাঁর এমন সহজ উপস্থিতি দেখে সত্যিই খুব ভালো লেগেছে।”
নাটক শেষে প্রধানমন্ত্রী তাঁর পরিবারসহ মঞ্চে উঠে আসেন। সেখানে তিনি পারফর্ম করা শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের উৎসাহ প্রদান করেন।
উল্লেখ্য যে, কোনো ধরনের বাড়তি প্রটোকল বা জনভোগান্তি তৈরি না করে প্রধানমন্ত্রীর এমন বিনোদনমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ উপস্থিত সবার মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
Leave a Reply