
ডেস্ক:: আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী সফরকে ঘিরে টাঙ্গাইলসহ আশপাশের এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ ও সাজসাজ রব বিরাজ করছে।
তার এই সফরকে কেন্দ্র করে যেসব ভেন্যুতে কর্মসূচি অনুষ্ঠিত হবে, সেসব এলাকায় চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরজুড়ে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল ১০টার দিকে টাঙ্গাইলে পৌঁছে মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল স্টেডিয়ামে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণের মাধ্যমে দেশব্যাপী প্রি-পাইলটিং কর্মসূচির উদ্বোধন করবেন। পরে তিনি কৃষক সমাবেশে ভাষণ দেবেন। ভাষণ শেষে বেলা সোয়া ১২টার দিকে পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করবেন।
টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য এবং প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কৃষিনির্ভর বাংলাদেশে কৃষকদের উন্নয়নে ‘কৃষক কার্ড’ একটি যুগান্তকারী পদক্ষেপ। পহেলা বৈশাখের মতো একটি দিনে টাঙ্গাইলের মাটিতে এই কর্মসূচির উদ্বোধন হওয়ায় এটি জেলার মানুষের জন্য গর্বের বিষয়।
তিনি আরও বলেন, দেশের প্রায় ৮০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। সেই কৃষকদের জন্য ১৪ এপ্রিল টাঙ্গাইলের ঐতিহ্যবাহী স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী এই কর্মসূচির উদ্বোধন করবেন। এ উপলক্ষে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এটি নবান্নের ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ আয়োজন হবে।
তিনি বলেন, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী কৃষক ও মেহনতি মানুষের অধিকার আদায়ে আন্দোলন করেছেন। তার স্মৃতিবিজড়িত টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন নিঃসন্দেহে গর্বের বিষয়।
টাঙ্গাইলের পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সব ভেন্যুতে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি রাখা হয়েছে।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত জানান, প্রধানমন্ত্রীর সফর সফল করতে ইতোমধ্যে সমন্বয় সভাসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এদিকে যেসব কৃষকের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হবে, তাদের তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রী ১৫ জন কৃষকের হাতে প্রতীকীভাবে এই কার্ড তুলে দেবেন। এ উদ্যোগে টাঙ্গাইলের কৃষকদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে এবং তারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
কৃষক কার্ড বিতরণের উপজেলাগুলো হল: টাঙ্গাইল সদর; পঞ্চগড় সদর; পঞ্চগড়ের বোদা; বগুড়ার শিবগঞ্জ; ঝিনাইদহের শৈলকুপা; পিরোজপুরের নেছারাবাদ; কক্সবাজারের টেকনাফ; কুমিল্লার আদর্শ সদর; জামালপুরের ইসলামপুর; রাজাবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজার জুড়ী।
Leave a Reply