
মোংলা প্রতিনিধি:মোংলা উপজেলায় মাদক, কিশোর গ্যাং এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানানোয় সাংবাদিক মাসুদ রানা রেজা মাসুদ এখন একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের টার্গেটে পরিণত হয়েছেন। সত্য প্রকাশে বাধা সৃষ্টি করতে তার ব্যক্তিগত ছবি বিকৃত করে ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
দীর্ঘদিন ধরে মোংলা অঞ্চলে ছড়িয়ে পড়া মাদক ব্যবসা ও নানা অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব ছিলেন এই সাংবাদিক। সম্প্রতি তিনি কিছু প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততার তথ্যসহ সচিত্র প্রতিবেদন প্রকাশ করলে ক্ষুব্ধ হয়ে ওঠে সংশ্লিষ্ট একটি চক্র। সরাসরি প্রতিবাদের বদলে তারা বেছে নেয় ডিজিটাল অপপ্রচারের পথ।
অভিযোগ রয়েছে, সাংবাদিকের ছবি এডিট করে আপত্তিকরভাবে উপস্থাপন করা হচ্ছে এবং ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে তার সামাজিক অবস্থান ক্ষুণ্ণ করা এবং পেশাগতভাবে হেয় করাই মূল উদ্দেশ্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান বলেন, একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে এ ধরনের কুরুচিপূর্ণ অপপ্রচার অত্যন্ত নিন্দনীয়। যারা অপরাধ তুলে ধরেন, তাদের দমাতে এই ধরনের নোংরা কৌশল প্রয়োগ করা হচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন তিনি।
সাংবাদিক মাসুদ রানা রেজা জানান, তিনি ইতোমধ্যে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তার দাবি, যাদের বিরুদ্ধে তিনি মাদক ও অপরাধ নিয়ে লিখেছেন, তারাই পরিকল্পিতভাবে এই অপপ্রচারে জড়িত। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই চক্র তার ও তার পরিবারের ক্ষতি করতে পারে। তবুও তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি প্রশাসন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতি তদন্তের আহ্বান জানিয়ে বলেন, প্রকৃত ঘটনা উদঘাটন হলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। তিনি আরও বলেন, যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
এ বিষয়ে মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, বিষয়টি প্রাথমিকভাবে অবগত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে গুরুত্বসহকারে তদন্ত করে সাইবার অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের ব্যক্তিগত আক্রমণকে সত্য গোপনের অপচেষ্টা হিসেবে দেখছেন মোংলার গণমাধ্যমকর্মীরা। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, সাংবাদিক মাসুদ রানা বর্তমানে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে কাজ করছেন এবং মোংলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগেও তার বিরুদ্ধে একই ধরনের অপপ্রচারের ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।
Leave a Reply