মোংলা প্রতিনিধি:: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই অভিযোজন নিশ্চিত করার লক্ষ্যে মোংলায় একটি ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নবলোক’-এর আরএইচএল (RHL) প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের ৩ ও ৪ নং ওয়ার্ডের আব্দুল আজিজ শেখের বাড়ি হতে আব্দুল মান্নান হাওলাদারের বাড়ি পর্যন্ত রাস্তার দুই পাশে দীর্ঘ তিন কিলোমিটার এলাকা জুড়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় রাস্তার দুই ধারে চার প্রজাতির মোট ৫৪০টি বৃক্ষ রোপণ করা হচ্ছে।
বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবলোক পরিষদের সম্মানিত উপ-নির্বাহী পরিচালক জনাব আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব প্রশান্ত হালদার।
এছাড়াও উপস্থিত ছিলেন আরএইচএল প্রকল্পের সমন্বয়কারী জনাব কাজী তোবারক হোসেন।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, ওয়ার্ড বিএনপির সভাপতি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও আরএইচএল প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং জলবায়ু পরিবর্তন অভিযোজন দলের উপকারভোগীরা এই আয়োজনে অংশ নেন।
অনুষ্ঠানে প্রকল্প সমন্বয়কারী কাজী তোবারক হোসেন বলেন,উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় রাস্তার পাশে বৃক্ষরোপণ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে ফলজ ও ঔষধি গাছ মানুষের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
উদ্বোধন শেষে উপজেলা বিএনপির সভাপতি, উপজেলা কৃষি কর্মকর্তা ও নবলোকের উপ-নির্বাহী পরিচালক রাস্তার দুই পাশে চলমান বৃক্ষরোপণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং নিজ হাতে গাছের চারা রোপণ করেন।
এ সময় বক্তারা পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সবাইকে যার যার অবস্থান থেকে ব্যাপক বৃক্ষরোপণ করার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে এলাকার পরিবেশের সুরক্ষায় এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জলবায়ু পরিবর্তন অভিযোজন দলের উপকারভোগীরা স্বতঃস্ফূর্তভাবে জানান, রোপণকৃত এই চারাগুলো যাতে নষ্ট না হয়, সেজন্য এগুলো টিকিয়ে রাখা, সঠিক সংরক্ষণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের সার্বিক দায়িত্ব তারা নিজেরাই বহন করবেন।