মনির হোসেন:: নারায়নগঞ্জের পাগলায় কোস্ট গার্ডের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১৩ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, নারায়নগঞ্জের পাগলা বাজার সংলগ্ন এলাকায় গত পহেলা জুলাই বুধবার রাত ৮ টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ওই এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় প্রায় ১২ লক্ষ ৬২ হাজার টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মালামাল বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।