বেনাপোল প্রতিনিধি:: বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় নিষিদ্ধ সংগঠন সেচ্ছাসেবকলীগ নেতা শাহরিয়ার করিম নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
গতকাল বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।আটক শাহরিয়ার করিম ঝিনাইদহ জেলা সদরের উকিলপাড়া এলাকার রবিউল করিমের ছেলে। তিনি ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ছিলেন।
বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে শাহরিয়ার করিম ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে তার পাসপোর্ট ডেস্কে জমা দিলে তার নাম স্টপলিস্টে রয়েছে বলে শনাক্ত হয়। পরে তাকে ইমিগ্রেশন পুলিশ হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০২৬) এর অধীনে ঝিনাইদহ থানার মামলা নং-২০, তারিখ ৮ জুন ২০২৪, ধারা ৮/৯/১০/১১/১২/১৩ অনুযায়ী একটি মামলা বিচারাধীন রয়েছে। এ কারণেই তার নাম ইমিগ্রেশন স্টপলিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান জানিয়েছেন আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানিয়েছেন, আটক শাহরিয়ার করিমের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম
বাস্তবায়নের জন্য ঝিনাইদহ থানা পুলিশে খবর দেওয়া হয়েছে। সেখান থেকে পুলিশ এলে তাদের কাছে সোপর্দ করা হবে।