হুমায়ুন কবির, ময়মনসিংহ প্রতিনিধি: তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা ও যুগোপযোগী উদ্যোগের মাধ্যমে ময়মনসিংহের তারাকান্দা উপজেলাকে ই-মিউটেশন কার্যক্রমে জেলার শীর্ষ অবস্থানে নিয়ে গেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম নাজমুস ছালেহীন।
দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ভূমি সেবায় স্বচ্ছতা, দ্রুততা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নানা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। ফলে সেবাগ্রহীতাদের আস্থা অর্জনের পাশাপাশি তারাকান্দা উপজেলা ই-মিউটেশন কার্যক্রমে জেলার সেরা অবস্থানে পৌঁছেছে।
এ সাফল্য প্রসঙ্গে এস এম নাজমুস ছালেহীন বলেন, "এই অর্জনের পেছনে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার দিকনির্দেশনা ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত এবং নিরলস পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।"
তিনি আরও বলেন, "এই সাফল্য ধরে রাখাই এখন আমাদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে উপজেলাবাসীর দোরগোড়ায় ভূমি সেবা আরও দ্রুত, সহজ ও কার্যকরভাবে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"
তিনি জানান, বর্তমানে প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলে ১০ কার্যদিবসের মধ্যেই নামজারি (ই-মিউটেশন) সম্পন্ন করা হচ্ছে। এছাড়া সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী নামজারির মোট ফি ১,১৭০ টাকা। এর বাইরে অতিরিক্ত কোনো অর্থ গ্রহণ করা হয় না বলেও তিনি জানান।