ডেস্ক:: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বছরের খাওয়া-দাওয়ার পেছনেই ৩৫ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান (বেলাল)-এর এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য প্রকাশ করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রী জানান, এটি কেবল একটি খাতের খরচ। আরও অনেক খাতে একই ধরনের বিপুল পরিমাণ অর্থ অপচয় করা হয়েছে। বিগত সরকারের আমলের বিভিন্ন ব্যয়ের নথিপত্র বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে।
অধিবেশনে ‘মুজিব বর্ষ’ উদযাপন সংক্রান্ত খরচের তথ্যও তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি জানান, মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদি নির্মাণ, বিভিন্ন সরকারি দপ্তরে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের মূর্তি স্থাপন এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সব মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে সর্বমোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় করা হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত ব্যয়ের একটি বিবরণীও সংসদে উপস্থাপন করা হয়েছে।
সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী হুশিয়ারি দিয়ে জানান, জনগণের অর্থ লুটপাট করে যারা বিদেশে পাচার করেছে, তাদের বিরুদ্ধে সরকারের আইনি পদক্ষেপ চলমান থাকবে। এই বিষয়ে বর্তমান সরকার কোনো ধরনের আপস করবে না।