আন্তর্জাতিক ডেস্ক:: ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নিহত সদস্যের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে। সর্বশেষ আরব সাগরে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নৌবাহিনীর এক পাইলট নিহত হওয়ার পর এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে সংঘাতে আহত মার্কিন সেনাসদস্যের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৪১৪ জনে।
মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ সামরিক তথ্য অনুযায়ী, মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, আহত সেনাদের বড় একটি অংশ বিস্ফোরণ ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে মস্তিষ্কে আঘাতজনিত সমস্যায় ভুগছেন। তিনি বলেন, সোমবার পর্যন্ত নতুন করে আরও একজন মার্কিন বিমানবাহিনীর সদস্য আহতদের তালিকায় যুক্ত হয়েছেন। তবে তিনি কীভাবে আহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এর আগে কুয়েতে অবস্থিত একটি মার্কিন কমান্ড সেন্টারে ইরানের ড্রোন হামলায় ছয়জন সেনা নিহত হন। পরে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে হামলায় গুরুতর আহত এক মার্কিন সেনা চিকিৎসাধীন অবস্থায় এক সপ্তাহের বেশি সময় পর মারা যান।
এ ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়া একটি কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী বিমান ইরাকে বিধ্বস্ত হলে আরও ছয়জন মার্কিন সেনাসদস্য নিহত হন। এসব ঘটনার পর সর্বমোট নিহত সেনার সংখ্যা ১৪ জনে পৌঁছেছে।
সেন্টকমের তথ্য অনুযায়ী, সংঘাতে এখন পর্যন্ত মোট ৪১৪ জন মার্কিন সেনা আহত হয়েছেন। আহতদের অধিকাংশই বিস্ফোরণজনিত অভিঘাত এবং ক্ষেপণাস্ত্র হামলার কারণে মস্তিষ্কে আঘাত পেয়েছেন।
মার্কিন সামরিক কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক যুদ্ধগুলোতে মস্তিষ্কে আঘাত এবং যুদ্ধ-পরবর্তী মানসিক চাপজনিত সমস্যা (পিটিএসডি) অন্যতম বড় স্বাস্থ্যঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। তবে এসব আঘাতের দীর্ঘমেয়াদি শারীরিক ও মানসিক প্রভাব সম্পর্কে এখনও পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়নি।