চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারী উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্তকর্তা মুহাইমিনুলের স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশের পর উর্ধতন কর্তারা নড়েচড়ে বসেছেন। এ ঘটনায় জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ দিলোয়ার হোসেন তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করেছেন। তিনি তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে খাদ্য গুদাম কর্মকর্তা মুহাইমিনুলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০ টায় ওই কর্মকর্তার বিরুদ্ধে কৃষকদের আনা অভিযোগের তদন্ত হওয়ার কথা রয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ২ টায় চিতলমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কাওছার আহমেদ এ সব তথ্য নিশ্চিত করেছেন।
চিতলমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কাওছার আহমেদ আরও জানান, তিন সদস্য’র তদন্ত টিমের আহবায়ক হলেন ফকিরহাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিহার রঞ্জন সমাদ্দার এবং কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন শরণখোলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মাসুম বিল্লাহ ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের কারিগরি খাদ্য পরিদর্শক আদুরী রাণী ব্রহ্ম।
গত ২০, ২১ ও ২২ জুলাই বিভিন্ন প্রত্রিকার অনলাইন, প্রিন্ট ও টেলিভিশনে উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্তকর্তা মুহাইমিনুলের স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশ হয়। খবর প্রকাশের পর এলাকার অসহায় ও নীরিহ কৃষকেরা এবং সচেতন মহল সাংবাদিকদের সাধুবাদ জানিয়েছেন। তাঁদের দাবি, কোন কিছুর বিনিময়ে দুর্নীতির তদন্তে যেন পুনরায় দুর্নীতি না হয়।
বাগেরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ দিলোয়ার হোসেন মুঠোফেনে বলেন, ‘পত্রিকায় খবর প্রকাশের পর খাদ্য গুদাম কর্তকর্তা মুহাইমিনুলের স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির তদন্ত করতে তিন সদস্যর কমিটি গঠন করেছি। তদন্ত কমিটিকে স্বাধীন ভাবে তদন্ত করতে বলেছি। তদন্ত রিপোর্ট পাওয়ার পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’