বাগেরহাট প্রতিনিধি::বাগেরহাট সদর উপজেলায় দুষ্কৃতকারীদের উপর্যুপরি ছুরিকাঘাতে নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। শুক্রবার দিনগত গভীর রাতে সদর উপজেলার হাঁড়িখালী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিজাম উদ্দিন শান্ত সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ এলাকার বাসিন্দা এবং বাগেরহাট জেলা আইনজীবী সমিতির একজন সক্রিয় সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে নিজাম উদ্দিন বাগেরহাট শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে হাঁড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা দুষ্কৃতকারীরা তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের মূল কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী জোর তৎপরতা চালাচ্ছে। পরিবারে শোকের ছায়া:নিহতের স্বজন ও সহকর্মীরা জানান, নিজাম উদ্দিনের জীবন কেটেছে নানা স্বজন হারানোর বেদনায়। মাত্র এক মাস আগে সড়ক দুর্ঘটনায় তাঁর বাবা তোরাফ আলী মারা যান। এর আগেই তিনি তাঁর মা ও প্রথম স্ত্রীকে হারিয়েছিলেন। তাঁর দাদা বাড়ি গোপালগঞ্জে। তিনি তাঁর দ্বিতীয় স্ত্রী ও তিন কন্যাসন্তানকে রেখে গেছেন। আকস্মিক এই হত্যাকাণ্ডে তাঁর অবুঝ সন্তানদের ভবিষ্যৎ এবং পুরো পরিবারে শোকের মাতম চলছে।
পরিবার সূত্রে জানানো হয়েছে, আজ আসর নামাজ শেষে জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।