পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববরেণ্য বিজ্ঞানী, শিক্ষাবিদ ও শিল্পোদ্যোক্তা আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (২ আগস্ট) সকাল ১০টায় উপজেলার রাড়ুলী ইউনিয়নে অবস্থিত তাঁর পৈতৃক বাসভবন প্রাঙ্গণে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, তাঁর জীবন ও কর্মভিত্তিক স্মারক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক কানিজ ফাতেমা, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. আমির হামজা, খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মহিদুল ইসলাম, পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী এবং জেলা জামায়াতের ইউনিট সদস্য ও সহকারী অধ্যাপক মো. আব্দুল মমিন সানা।
এসএফডিএফ কর্মকর্তা জি. এম. জাকারিয়া ও প্রভাষক লুৎফা ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লেখক জয়ন্ত ঘোষ, সাংবাদিক দিদারুল আলম, রাড়ুলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হাসেম এবং প্রধান শিক্ষক গৌতম ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক আহম্মাদ আলী বাচাঁ এবং মো. ফারুক হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন ও জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের আয়োজিত বিজ্ঞানভিত্তিক উপস্থাপনা ও প্রদর্শনী স্টল ঘুরে দেখেন।
পরে তাঁরা আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটার সম্প্রতি সংস্কার করা বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং তাঁর ব্যবহৃত বিভিন্ন স্মৃতিচিহ্ন ঘুরে দেখেন। এ সময় জন্মভিটার অবশিষ্ট ভবন ও অন্যান্য অংশ পর্যায়ক্রমে সংস্কার এবং প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তাঁরা।
দিনব্যাপী এ আয়োজনে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপন প্রাণবন্ত হয়ে ওঠে।