মনির হোসেন, মোংলা:: সুন্দরবন তীরবর্তী মোংলার জয়মনির ঘোলে স্থানীয় এলাকাবাসীর জন্য নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে আরও প্ল্যান্ট স্থাপন করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।
৪ আগস্ট মঙ্গলবার বেলা ১১ টায় জয়মনির ঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিশুদ্ধ পানির প্ল্যান্ট উদ্বোধন করেন কোস্টগার্ড পশ্চিম জোনের এরিয়া কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম।
৪ আগস্ট মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে এবং জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায়, বর্তমান সরকারের জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে ৪ আগস্ট মঙ্গলবার বেলা ১১ টায় কোস্টগার্ড বেইস মোংলা কর্তৃক বাগেরহাটের মোংলা থানাধীন জয়মনির ঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় জনগণের দীর্ঘদিনের নিরাপদ সুপেয় পানির সংকট নিরসনের লক্ষ্যে একটি আধুনিক RO (Reverse Osmosis) প্ল্যান্ট স্থাপন করা হয়। RO প্লান্টটি স্থাপনের ফলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের পাশাপাশি আশপাশের স্থানীয় সাধারণ জনগণ নিরাপদ ও বিশুদ্ধ সুপেয় পানির সুবিধা ভোগ করতে পারবেন। এর মাধ্যমে বিদ্যালয় ও জয়মনির ঘোল এলাকার জনসাধারণের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনের পাশাপাশি পানিবাহিত রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের জনগণের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।