চিতলমারী প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র বাগেরহাট-১ আসনের নমিনি কপিল কৃষ্ণ মণ্ডল বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত না হলেও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছি। নির্বাচনে সামান্য ভোটে ধানের শীষ প্রতীক পরাজিত হলেও আমি চিতলমারী-মোল্লাহাট ও ফকিরহাটের মানুষের কাছে চিরকৃতজ্ঞ। নির্বাচনের আগে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জনগণকে উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় চিতলমারী জেলা পরিষদ ডাকবাংলোর সভাকক্ষে উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সিনিয়র সাংবাদিকদের সাথে মতবনিময়কালে তিনি এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে বাগেরহাট-১ আসন নির্বাচনী এলাকার উন্নয়নে বিভিন্ন মন্ত্রনালয়ের সহযোগিতায় বেশ কিছু উন্নয়ন কাজের বরাদ্দ হয়েছে। যারমধ্যে উল্লেখযোগ্য হলো, তিন উপজেলার ৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন বরাদ্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ ১০০ শয্যায় উন্নীতকরণ। তিন উপজেলায় অগ্রাধিকার ভিত্তিতে কৃষি ও ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু। এ ছাড়াও তিনটি উপজেলাকে পৌরসভায় রূপান্তর করা, চিতলমারী উপজেলার খাবার পানির সংকট নিরসন এবং মোল্লাহাট ও ফকিরহাট উপজেলায় উন্নতমানের খাদ্য গুদাম নির্মানের চেষ্টা অব্যাহত রয়েছে।’
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মোঃ একরামুল হক মুন্সী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম সুলতান সাগর, সাধারণ সম্পাদক তাওহিদুর রহমান বাবু, সিনিয়র সাংবাদিক প্রদীপ মণ্ডল ও চিতলমারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অলিপ মণ্ডল প্রিন্স।