বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে একটি অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১২টার পর হাসপাতালের প্রধান গেটের সামনে এ ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্সে আগুন লাগার পর তা দ্রুত পাশে থাকা মোটরসাইকেল গুলোতে ছড়িয়ে পড়ে।
এসময় হাসপাতালের গেটে রাখা আটটি মোটরসাইকেল পুড়ে যায়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষতি ও প্রাণহানি থেকে রক্ষা পেয়েছে হাসপাতালটি।
এ ঘটনায় এ্যাম্বুলেন্সে চালক আহত হয়,তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়া হয়। তাছাড়া চিকিৎসক কিংবা হাসপাতালের কর্মীর হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হাসপাতাল চত্বরে থাকা একটি অ্যাম্বুলেন্স থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুনের তীব্রতা বেড়ে যায়। পরে আগুন পাশের মোটরসাইকেল গুলোতে ছড়িয়ে পড়লে সেগুলোতে আগুন ধরে যায়। এ সময় হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী ও স্বজনদের মধ্যে দেখা দেয় উৎকণ্ঠা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন বাগেরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা। বাগেরহাট ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সাইদুরজ্জামান বলেন, ‘দুপুর ১২টার পর আগুন লাগার খবর পাই। খবর পাওয়ার ১৫ মিনিটের মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।’
হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, ‘অ্যাম্বুলেন্স থেকে আগুনের সূত্রপাত হয়ে হাসপাতালের গেটে থাকা আটটি মোটরসাইকেল পুড়ে গেছে। এর মধ্যে হাসপাতালের স্টাফদের মোটরসাইকেলও রয়েছে। ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব হচ্ছে না। তবে এ ঘটনায় রোগীদের কোনো ক্ষতি হয়নি।’