আন্তর্জাতিক ডেস্ক:: দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে তাদের সব সামরিক সদস্যকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের কাজ শেষ হবে বলে জানিয়েছে ইরাকের প্রধানমন্ত্রীর দপ্তর। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
ইরাকের প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, উগ্রপন্থী সশস্ত্র দল ইসলামিক স্টেট বা আইএসের বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের সামরিক অভিযান এখন সমাপ্তির পথে। তাই উভয় দেশের সম্মতিতে সেনা প্রত্যাহারের এই চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ১ অক্টোবর থেকে ইরাকে আর কোনো বিদেশি সৈন্য অবস্থান করবে না। দিনটিকে নিজস্ব সার্বভৌমত্ব ও জাতীয় ইতিহাসের জন্য এক বিশেষ মুহূর্ত হিসেবে দেখছে দেশটির সরকার।
এর আগে জুলাই মাসের মাঝামাঝি সময়ে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল জাইদি যুক্তরাষ্ট্র সফর করেন। সে সময় মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ব্র্যাড কুপারের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সেনা সরিয়ে নেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়।
উল্লেখ্য, ২০০৩ সালে তৎকালীন ইরাকি শাসক সাদ্দাম হোসেনের পতনে মার্কিন অভিযানের মাধ্যমে সেখানে সৈন্য মোতায়েন শুরু হয়। এরপর দুই দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন মেয়াদে দেশটিতে তাদের সামরিক উপস্থিতি বজায় ছিল।