ছবি: সংগৃহীত
ডেস্ক:; দেশের চলমান গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে পুনরায় গ্যাস সরবরাহ শুরু করেছে সামিট এলএনজি টার্মিনাল।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে টার্মিনালটি প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট পুনঃগ্যাসীকৃত এলএনজি জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করে।
শুক্রবার রাতে এক বিবৃতিতে সামিট এলএনজি জানিয়েছে, ধাপে ধাপে সরবরাহ বাড়ানো হবে। আগামী ১৫ আগস্ট রাত ২টার দিকে টার্মিনালটির সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
টার্মিনালটি থেকে বাড়তি গ্যাস সরবরাহ শুরু হওয়ায় শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে গ্যাসের প্রাপ্যতা বাড়তে পারে। এতে চলমান জ্বালানি সংকটের চাপ কিছুটা কমার পাশাপাশি শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
সামিট এলএনজি জানিয়েছে, টার্মিনাল ও জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থার কারিগরি সক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে সর্বোচ্চ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে তারা কাজ করছে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, বাংলাদেশের শিল্পোন্নয়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ গুরুত্বপূর্ণ। গ্যাস সংকট মোকাবিলা ও দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পেট্রোবাংলা ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে সামিট এলএনজি।