নিজস্ব প্রতিনিধি:: সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মোংলা বন্দরকে কেন্দ্র করে এ অঞ্চলে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। মোংলা বন্দরের সমস্যাগুলোকে চিহিৃত করা হয়েছে এবং সকলের সহযোগিতা নিয়ে আগামী এক মাসের মধ্যে তা সমাধান করা হবে।
তিনি সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় খুলনা হোটেল সিটি ইন এ মোংলা বন্দর কর্তৃপক্ষ আয়োজিত অংশীজন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
মন্ত্রী বলেন, মোংলা বন্দরের সম্ভাবনা রয়েছে। সরকারি দপ্তরগুলোতে সেবাবান্ধব পরিবেশ তৈরি হলে বেশি রাজস্ব আদায় করা সম্ভব। তিনি সবাইকে মোংলা বন্দরের উন্নয়নের জন্য একসাথে কাজ করার অনুরোধ করেন। জাতীয় অর্থনৈতিক হাব গড়ে উঠলে এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন। অংশীজন সম্মেলনে খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, কেডিএ’র চেয়ারম্যান এস এম শফিকুল আলম, পুলিশ কমিশনার মো: সাজ্জাদুর রহমান, রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক হুরে জান্নাত, মোংলা কাস্টমস হাউজের কমিশনার ড. আবু নূর রাশেদ আহম্মেদ ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল ইসলাম বাপ্পি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম।
অংশীজন সম্মেলনে বন্দর ব্যবহারকারীরা মোংলা বন্দরের উন্নয়নে তাদের মতামত তুলে ধরেন।
অংশীজন সম্মেলনে মোংলা বন্দর ব্যবহারকারী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, আমদানি ও রপ্তানিকারকসহ গণমাধ্যমকর্মীরা অংশ নেন।