বাংলাদেশ এডিকশন প্রফেশনালস অ্যাসোসিয়েশনের (BAPA) কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, তেজগাঁও এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জাকিউল আলম মিল্টন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিনিয়র সহ সভাপতি মো: শোয়েব মাহমুদ, সাধারণ সম্পাদক সায়মা শ্রাবণী, অর্থ সম্পাদক মাহবুব আলম সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ এডিকশন প্রফেশনালস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
এর মধ্যে সংগঠনের প্রস্তাবিত গঠনতন্ত্র প্রণয়ন ও অনুমোদন প্রক্রিয়া, নতুন সদস্য সংগ্রহ, ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন এবং সংগঠনের অস্থায়ী কার্যালয়ের ঠিকানা নির্ধারণসহ বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
সভায় মাদকাসক্তি চিকিৎসা, পুনর্বাসন ও সংশ্লিষ্ট পেশাজীবীদের পেশাগত উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
বিশেষ করে চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমের মানোন্নয়ন, পেশাজীবীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, মাদকাসক্তি একটি বহুমাত্রিক সমস্যা। এ সমস্যা মোকাবিলায় চিকিৎসক, মনোবিজ্ঞানী, কাউন্সেলর, সমাজকর্মী, গবেষকসহ সংশ্লিষ্ট পেশাজীবীদের সমন্বিত ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বাংলাদেশ এডিকশন প্রফেশনালস অ্যাসোসিয়েশন পেশাজীবীদের মধ্যে সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন খাতের উন্নয়নে পেশাজীবীদের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
সভা শেষে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সংশ্লিষ্ট সব পেশাজীবীর অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করা হয়।