বেনাপোল প্রতিনিধি:: ভারতগামী এক যাত্রীর রেকটামে (শরীরে) লুকিয়ে রাখা ২৪ ক্যারেটের ৮২ গ্রাম ওজনের দুটি স্বর্নের খন্ড উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা। এ ঘটনায় আল মামুন (৫৫) নামের এক বাংলাদেশি পাসপোর্টযাত্রীকে আটক করা হয়।
আটক আল মামুন ঢাকার মাতুয়াইল ডেমরার শান্তিবাগ স্কুল রোড এলাকার মফিজুল হকের ছেলে। তার পাসপোর্ট নম্বর-এ-২২৫৫৪১৫৫।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এলাকার জিরো পয়েন্ট সংলগ্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় ভারতগামী সন্দেহভাজন বাংলাদেশি পাসপোর্টযাত্রী যাত্রী আল মামুনকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। জিজ্ঞাসাবাদের সময় ওই যাত্রী সোনা বহনের বিষয়টি অস্বীকার করেন। তবে তার আচরণ ও পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় অধিকতর নিশ্চিত হতে একটি ক্লিনিকে নিয়ে শরীরের এক্সরে পরীক্ষা করা হয়। এতে তার রেকটামে স্বর্ণসদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত হয়।
পরে জিজ্ঞাসাবাদে ওই যাত্রী শরীরের অভ্যন্তরে সোনা বহনের বিষয়টি স্বীকার করেন। তার কাছ থেকে ২৪ ক্যারেটের ৮২ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার বাজারমূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা।
বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারি পরিচালক মোশাররফ হোসেন জানায়, আটক সোনা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টম হাউস বেনাপোলের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক স্বর্ণবহনকারীকে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
শরীরের অভ্যন্তরে সোনা লুকিয়ে সীমান্ত অতিক্রমের এ কৌশলের সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চোরাচালান চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।