নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (স.) ছিলেন মানবতার শ্রেষ্ঠ আদর্শ। মহান আল্লাহ মানুষের জন্য কল্যাণকর পথ প্রদর্শনের বিশেষ উদ্দেশ্য নিয়ে এ মহতী মানুষকে প্রেরণ করেছেন। তাঁর জীবন ছিল সত্য, ন্যায়, সততা, সহমর্মিতা ও মানবিকতার এক অনন্য উদাহরণ। তাঁর আদর্শ অনুসরণ করে ব্যক্তি ও সমাজজীবনে শান্তি, সমপ্রীতি ও ন্যায় প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে। বিশেষ করে মহানবী (স.)-এর জীবনাদর্শ সম্পর্কে জ্ঞানার্জন এবং তার আলোকে নিজেদের জীবন গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
কেসিসি প্রশাসক সোমবার দুপুরে নগরীর বয়রা মাধ্যমিক বিদ্যালয় অডিটরিয়ামে সিরাতুন্নবী (স.) সম্পর্কে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স.) পালন উপলক্ষ্যে স্কুল কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রশাসক আরো বলেন, এতদাঞ্চলের শিক্ষার প্রসার এবং সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষা প্রতিষ্ঠানটির গুরুত্ব অনেক। ডেঙ্গু মুক্ত শহর গড়ে তুলতে তিনি নিজ নিজ বাড়ি পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান।
স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মাদ আবুল হাছান-এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান ও বয়রা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো: আলিমুজ্জামান। অন্যান্যেল মধ্যে সমাজসেবক জাহিদুল ইসলাম খোকন, মো: সাইফুল ইসলামসহ স্কুলের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা হামদ-নাত ও ক্বিরাত পরিবেশন করে। পরে প্রশাসক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।