1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

ভিয়েতনামে আলু রপ্তানির অনুমতি পেল বাংলাদেশ

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

ডেস্ক:: বাংলাদেশের আলু চাষি ও রপ্তানিকারকদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। এখন থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে সরকারিভাবে আলু রপ্তানি করতে পারবে বাংলাদেশ। ভিয়েতনামের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় সম্প্রতি এই আমদানির চূড়ান্ত অনুমোদন দিয়েছে বলে হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে।

ভিয়েতনামের বর্তমান নীতিমালা অনুযায়ী, যেকোনো দেশ আলু রপ্তানি করতে চাইলে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্রসহ নিবন্ধন করতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই তথ্য পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই ও পর্যালোচনার পর আমদানির অনুমতি দেয়। বাংলাদেশ দূতাবাস এবং দেশের বাণিজ্য, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে গত মে মাসে এই নিবন্ধনের আবেদন করা হয়েছিল। দীর্ঘ প্রক্রিয়া শেষে ভিয়েতনাম সরকার বাংলাদেশকে এই অনুমোদন দিল।

ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত লুৎফর রহমান এই অর্জনকে একটি বড় মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশি আলু রপ্তানিকারকদের জন্য যেমন নতুন বাজার তৈরি হয়েছে, তেমনি দেশের প্রান্তিক কৃষকরাও সরাসরি লাভবান হবেন। ভিয়েতনামে আলুর ব্যাপক চাহিদা থাকায় এই রপ্তানি কার্যক্রম শুরু হলে দুই দেশের মধ্যকার বিদ্যমান বাণিজ্য ঘাটতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

রাষ্ট্রদূত আরও আশাবাদ ব্যক্ত করেন যে, আলুর পাশাপাশি তিলসহ অন্যান্য কৃষি পণ্য রপ্তানির পথও এখন প্রশস্ত হবে। ভিয়েতনামের বাজারে বাংলাদেশের আরও বৈচিত্র্যময় কৃষিজাত পণ্যের প্রবেশাধিকার নিশ্চিত করতে দূতাবাস নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট