বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে ইরান দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এক বৈপ্লবিক দিগন্ত স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ ‘নতুন বাংলাদেশ গড়তে আপনাদের দুয়ারে এসেছি’- হাসনাত আব্দুল্লাহ খুলনায় ভূমি ব্যবহার, আবাসন ও উম্মুক্ত স্থান বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ খুলনায় রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ শীর্ষক প্রকল্পের উদ্বোধন পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা: ছাতা বিতরণ

শাপলা নয়, ইসির তালিকায় এসেছে ‘শাপলা কলি’ প্রতীকে বিভ্রান্তি নেই-ইসি সচিব

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৫৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দাবির পরিপ্রেক্ষিতে ‘শাপলা’ প্রতীক নয়, বরং ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তিনি বলেছেন, শাপলা আর শাপলা কলি একই জিনিস নয়। পার্থক্যটা এত স্পষ্ট যে, এতে কোনো ব্যাখ্যার প্রয়োজন পড়ে না।

বৃহস্পতিবার সন্ধ্যায় আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

এর আগে, সকালে অনুষ্ঠিত হয় ইসির প্রাক প্রস্তুতিমূলক সভা, যেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা, যোগাযোগব্যবস্থা ও বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়।

ইসি বৃহস্পতিবার নতুন করে প্রতীক তালিকা প্রকাশ করে, যাতে কয়েকটি পুরোনো প্রতীক বাদ দিয়ে নতুন কিছু সংযোজন করা হয়েছে। এর মধ্যেই অন্যতম ‘শাপলা কলি’।

সচিব বলেন, কমিশন মনে করেছে, কিছু প্রতীক নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে বা নেতিবাচক মন্তব্য এসেছে। সেসব বিবেচনা করেই কিছু প্রতীক পুনর্বিন্যাস করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘কোনো রাজনৈতিক দলের চাহিদা বা চাপের কারণে নয়, কমিশনের নিজস্ব মূল্যায়নের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাংবাদিকেরা যখন জানতে চান‘শাপলা কলি’ যুক্ত করার মানে কি এনসিপির দাবি আংশিক পূরণ তখন আখতার আহমেদ বলেন, ‘একেবারেই না। এনসিপি চেয়েছিল শাপলা প্রতীক, কিন্তু ইসির তালিকায় এখন আছে শাপলা কলি। দুটো আলাদা। এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।

তিনি জানান, নির্বাচনের প্রতীক অনুমোদনের সময় কমিশন যে মানচিত্র বা চিত্র দেখে সিদ্ধান্ত নেয়, সেখানে ‘শাপলা’ অর্থে পুরোপুরি ফুটে থাকা ফুল বোঝায়, আর ‘শাপলা কলি’ মানে হলো কুঁড়ি অবস্থায় থাকা ফুল।

প্রতীকের পাশাপাশি গণভোট নিয়েও সাংবাদিকদের প্রশ্নে ইসি সচিব বলেন, কয়েকটি দল নভেম্বরে গণভোট চেয়েছে আমরা বিষয়টি শুনেছি। কিন্তু গণভোট আয়োজনের সিদ্ধান্ত সরকারের এখতিয়ার। ইসি কেবল প্রস্তুতি ও ব্যবস্থাপনার কাজ করে।

তিনি আরও জানান, বৃহস্পতিবারের বৈঠকে সরকারের ৩১টি মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি অংশ নিয়েছেন। আলোচনায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)–ভিত্তিক বিভ্রান্তি মোকাবিলা, ডাকযোগে ভোট ব্যবস্থার উন্নয়ন ও ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

ইসি সচিব বলেন, ‘বর্তমানে নির্বাচনে ডিজিটাল হস্তক্ষেপ বা ভুল তথ্য প্রচারের আশঙ্কা বাড়ছে। এজন্য কমিশন সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সাইবার মনিটরিং জোরদার করতে বলেছে।’

তিনি আরও জানান, ভোটের দিন অবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও চিকিৎসা সেবা নিশ্চিতে ক্লাস্টারভিত্তিক মেডিকেল টিম গঠন করা হবে।

অন্যদিকে, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, তাদের দাবি ছিল ‘শাপলা’, ‘শাপলা কলি’ নয়।

তিনি বলেন, “আমরা প্রতীকের প্রশ্নে আপসহীন। শাপলা আমাদের জাতীয় ফুল এটা আমাদের আত্মপরিচয়ের প্রতীক।

তবে ইসি সচিবের বক্তব্যে স্পষ্ট হয়েছে, কমিশন রাজনৈতিক দলগুলোর ইচ্ছার চেয়ে নীতিগত সিদ্ধান্তকেই অগ্রাধিকার দিচ্ছে। ইসি নতুন প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করেছে, কিন্তু ‘শাপলা’ নয়।

সচিবের ভাষায়, দুই প্রতীকের মধ্যে স্পষ্ট পার্থক্য আছে। গণভোটের বিষয়ে ইসি অপেক্ষা করছে সরকারের সিদ্ধান্তের জন্য। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews