শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

দাবি পূরণ না হওয়ায় চলবে শিক্ষকদের কর্মবিরতি, বার্ষিক পরীক্ষা স্থগিত

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে আগামীকালও (মঙ্গলবার) শিক্ষকদের লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি চলবে। যার কারণে দ্বিতীয় দিনের মতো প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা স্থগিত থাকার আশঙ্কা তৈরি হয়েছে।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ঘোষিত এই কর্মসূচিতে সারাদেশের শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন বলে সংগঠনটি জানিয়েছে।

সোমবার সন্ধ্যায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আবুল কাসেম মোহাম্মদ শামছুদ্দীন এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেন।

বিবৃতিতে বলা হয়েছে, আগামীকালও আগের মতোই পরীক্ষা বর্জনসহ লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি চলবে। আজ (সোমবার) সারাদেশে তৃতীয় দিনের মতো সব প্রাথমিক বিদ্যালয়ে স্বতঃস্ফূর্ত পরীক্ষা বর্জন ও কর্মবিরতি পালন করা হয়েছে।

সংগঠনটি আরও জানায়, সহকর্মী শহিদ ফাতেমা আক্তারের আত্মত্যাগ ও দুই শতাধিক সহকর্মীর রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। একই সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সে অনুযায়ী আপাতত ১১তম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় আগামীকালও লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের তিন দফা দাবিগুলো হচ্ছে, সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews