মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা নিজেকে গড়ে তোলো, তাহলেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ-প্রধানমন্ত্রী জিয়া হল কমপ্লেঙ্ নির্মাণের সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পরিবেশ সুরক্ষা ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সভা পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; দ্রুত সংস্কারের দাবি বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪ ইউএনও, শিক্ষা কর্মকর্তা ও পাঁচ শিক্ষকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ ১০ জনের তালিকা প্রকাশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

ডেস্ক:: মরণঘাতী ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে বাঁচতে সবাইকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ ইতোমধ্যে মানুষের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সবাই সচেতন হলে এ ধরনের রোগ থেকে নিজেদের রক্ষা করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, এডিস প্রজাতির মশার কামড় থেকেই মানুষ ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়। তাই আগে থেকেই প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।

তিনি জানান, সাধারণত জুন থেকে অক্টোবর পর্যন্ত বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা যায়। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে এই রোগ কোনো নির্দিষ্ট মৌসুমে সীমাবদ্ধ নেই; বছরের যেকোনো সময়ই ডেঙ্গুর ঝুঁকি থাকতে পারে। পরিষ্কার পানিতে এডিস মশা জন্মায় এবং মাত্র তিন দিন পানি জমে থাকলেই সেখানে মশার বংশবিস্তার শুরু হতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, ড্রেন, ডোবা ও নর্দমার মতো স্থানে পানি জমে থাকা বন্ধ করা এবং নিয়মিত পরিষ্কার রাখা মশার প্রজনন নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়। পাশাপাশি ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার বা বাসার ছাদে যেন পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পানির ট্যাংক ঢেকে রাখা এবং সপ্তাহে অন্তত একবার বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে সরকার আগামী ১৪ মার্চ থেকে সারা দেশে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু করবে বলেও জানান তিনি। এ কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, প্রতিটি এলাকার সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা যেন জনগণকে সঙ্গে নিয়ে প্রতি শনিবার নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। নিয়মিত এ ধরনের উদ্যোগ চালু থাকলে ভবিষ্যতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগের ঝুঁকি অনেকটাই কমে আসবে।

ভিডিও বার্তার শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, সরকারের স্বাস্থ্যনীতির মূল বার্তা প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। তাই কোথাও যেন ময়লা বা জমে থাকা পানি না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews