শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন

  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৭৫ বার পড়া হয়েছে

ডেস্ক:: জ্বালানি সংকটের প্রেক্ষিতে সব সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সীমা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব ফরিদা ইয়াসমিনের সই করা ওই প্রজ্ঞাপন অনুযায়ী, সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব সরকারি ও বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এছাড়া শুক্র ও শনিবার (২ দিন) সাপ্তাহিক ছুটি থাকবে। আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সময়সূচিতে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস চলবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতার বাইরে থাকবে। পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগের শনিবারের পত্রের নির্দেশনা অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা এবং ব্যাংকিং সেবা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণের বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এতে আরও বলা হয়, আদালতের অফিস সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। সেই সঙ্গে বেসরকারি খাতের শিল্প-প্রতিষ্ঠান/কল-কারখানা ও প্রতিষ্ঠানের জন্য কর্মঘণ্টা নির্ধারণের ক্ষেত্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews