
মনির হোসেন:: নোয়াখালী হাতিয়ায় প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ৬ হাজার ৮১৫ লিটার অবৈধ জ্বালানি তেলসহ ৪ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার (১১ এপ্রিল) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১১ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৬টায় কোস্টগার্ড স্টেশন হাতিয়া কর্তৃক নোয়াখালীর হাতিয়া থানাধীন নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ওই এলাকায় বিদেশি তেলবাহী জাহাজ হতে শুল্ককর ফাঁকি দিয়ে আসা প্রায় ৭ লক্ষ ৯১ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৮ শত লিটার পেট্রোল, ২ হাজার ১৫ লিটার ডিজেল এবং পরিবহন কাজে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ৪ জনকে আটক করা হয়।
জব্দকৃত অবৈধ জ্বালানি তেল ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, চোরাচালানরোধে ও দেশের অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
Leave a Reply