বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

ডেস্ক:: প্রাথমিক শিক্ষায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দিতে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি উপস্থিত হন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের সৃজনশীলতা, প্রতিভা ও মননশীলতার বিকাশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং এবং বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হওয়া এসব প্রতিযোগিতা ধাপে ধাপে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে।

এবারের আয়োজনে দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ সফলভাবে অতিক্রম করে জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরা শিক্ষার্থীদের হাতে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ তুলে দেওয়া হবে।

শুধু শিক্ষার্থীরাই নন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও এ অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হচ্ছে। ব্যক্তি পর্যায়ে ১৫টি ক্যাটাগরিতে দেশের ১২ হাজার ৩৮৪ জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুটি ক্যাটাগরিতে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠান এই স্বীকৃতি পাচ্ছেন।

অনুষ্ঠানে আরও একটি গুরুত্বপূর্ণ কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর অংশ হিসেবে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়েছে সরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews