
ডেস্ক:: বাংলাদেশের সাধারণ পাসপোর্টের নকশায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। নতুন নকশায় যুক্ত করা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মোহাম্মদ ওয়াসিমের ছবি। রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পাসপোর্টের ভেতরের পাতার জলছাপে পরিবর্তন এনে সেখানে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংযোজন করা হচ্ছে। নতুন নকশার অংশ হিসেবে ই-পাসপোর্টের ৩২ ও ৩৩ নম্বর পাতায় জলছাপ হিসেবে স্থান পাচ্ছে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক মুহূর্ত। এর মাধ্যমে দেশের নাগরিকদের আন্তর্জাতিক ভ্রমণ নথিতেও স্থান পাচ্ছে ওই গণঅভ্যুত্থানের স্মৃতি।
নতুন নকশায় শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ও তুলে ধরা হয়েছে। পাসপোর্টের বিভিন্ন পাতায় জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন ও সুপ্রিম কোর্টের পাশাপাশি দেশের ঐতিহাসিক স্থাপনার মধ্যে কান্তজিউ মন্দির, লালবাগ দুর্গ, পানামনগর ও কার্জন হলের ছবি যুক্ত করা হয়েছে।
এ ছাড়া দেশের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যের প্রতীক হিসেবে জলছাপে রাখা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর, নীলগিরি ও ঝাউবনের ছবি। একই সঙ্গে বাংলাদেশের জাতীয় পরিচয়ের অংশ হিসেবে জাতীয় ফুল শাপলা, পাখি দোয়েল, মাছ ইলিশ ও ফল কাঁঠালের ছবিও থাকবে।
পাসপোর্টের নতুন নকশায় শিল্প ও সংস্কৃতির প্রতিনিধিত্ব হিসেবে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’ স্থান পেয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এসব সংযোজনের মাধ্যমে দেশের ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক বৈচিত্র্যকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, পাসপোর্টের ডাটা পেইজে আগের নিয়ম অনুযায়ী ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশের জন্য বৈধ থাকার বিষয়টি বহাল থাকবে। নতুন নকশা দ্রুত বাস্তবায়নের জন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।