1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
আফগানদের হারিয়ে বিশ্বকাপের রেকর্ড জয় নিউজিল্যান্ডের প্রকৃতির বাধা ছাপিয়ে প্রকৌশলের জয় চিনে ২২.১৩ কিমি নতুন টানেল সংবাদকর্মীদের তুলে নেওয়ার ঘটনায় টিআইবির গভীর উদ্বেগ অন্তর্বর্তী সরকারের দম ফুরিয়ে গেছে, এখন একটি ভালো নির্বাচনই শেষ সুযোগ-দেবপ্রিয় ভট্টাচার্য ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারে জাতিসংঘের দ্বারস্থ বাংলাদেশ নির্বাচন ঘিরে বিকাশ-নগদ-রকেটে ১ হাজার টাকার বেশি লেনদেন বন্ধ পাইকগাছায় যৌথবাহিনীর মহড়া ও ভোটকেন্দ্র পরিদর্শন অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় অবহিতকরণ সভা বেনাপোলে আমদানি-রপ্তানি গেট থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় ট্যাপেন্ডালসহ ভারতীয় নাগরিক আটক

সংবাদকর্মীদের তুলে নেওয়ার ঘটনায় টিআইবির গভীর উদ্বেগ

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: সংবাদমাধ্যমের কার্যালয় থেকে রাতে ২১ জন কর্মীকে তুলে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, এ ঘটনা দেশের গণমাধ্যমের ওপর ভীতিকর পরিবেশ সৃষ্টির একটি গুরুতর দৃষ্টান্ত।

রোববার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘গণভোট ও প্রাক্-নির্বাচন পরিস্থিতি: টিআইবির পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বক্তব্যের শুরুতেই ইফতেখারুজ্জামান আগের রাতে ‘বাংলাদেশ টাইমস’-এর কার্যালয় থেকে কর্মীদের তুলে নেওয়ার প্রসঙ্গ তুলে ধরে বলেন, কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া রাতের বেলা একটি প্রতিষ্ঠানের সব কর্মীকে তুলে নেওয়া সম্পূর্ণ অগ্রহণযোগ্য। যেকোনো যুক্তিতেই হোক না কেন, এ ধরনের ঘটনা বাংলাদেশের মুক্ত সাংবাদিকতার জন্য অত্যন্ত নেতিবাচক বার্তা দেয়।

তিনি আরও বলেন, কোনো সংবাদ বা প্রতিবেদনের বিষয়ে আপত্তি থাকলে তা সমাধানের আইনি ও প্রাতিষ্ঠানিক পথ রয়েছে। কিন্তু এভাবে কর্মীদের তুলে নেওয়া যদিও পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে পুরো দেশের সংবাদমাধ্যমের জন্য ভয়ভীতির পরিবেশ তৈরি করেছে।

ইফতেখারুজ্জামান এ ঘটনায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, সর্বোচ্চ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো সেনা কর্মকর্তা এ ধরনের কাজ করতে পারেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। যদি অনুমোদন ছাড়া এমন ঘটনা ঘটে থাকে, তাহলে সেনাবাহিনীর ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ ব্যবস্থা কোথায় সেটিও স্পষ্ট হওয়া প্রয়োজন।

এ প্রসঙ্গে তিনি দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অথচ মাত্র দুই দিন আগেই সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে ‘জাতির দর্পণ’ আখ্যা দিয়ে ভীতিহীনভাবে সংবাদ প্রচারের কথা বলা হয়েছিল।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, কথার সঙ্গে কাজের এ অসঙ্গতি অত্যন্ত উদ্বেগজনক। তিনি সেনাবাহিনীসহ সব প্রতিষ্ঠানকে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান এবং দেশে মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের ওপর ক্রমবর্ধমান চাপ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট