
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছার কপিলমুনিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ গ্রাম গাঁজাসহ আটক আক্তার হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় কপিলমুনি মাছ বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এর আগে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে নাছিরপুর গ্রামের মো. সাহেব আলী গাজীর ছেলে আক্তার হোসেনকে আটক করেন।
পুলিশ জানায়, সন্ধ্যায় কপিলমুনি মাছ বাজার সংলগ্ন বাইপাস সড়কে ইঞ্জিনচালিত নছিমন নিয়ে যাওয়ার সময় আক্তার হোসেনের গতিরোধ করা হয়। পরে স্থানীয়দের সমন্বয়ে তার দেহ তল্লাশি চালিয়ে পায়ের জুতার ভেতর থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে আটক আক্তার হোসেনকে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুল ইসলাম, পেশকার তুহিন বিশ্বাসসহ পুলিশের অন্যান্য সদস্য ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।