
মোস্তাফিজুর রহমান,কয়রা প্রতিনিধি:খুলনার কয়রায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর চৌরাস্তা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত রফিকুল ইসলাম উপজেলার ইসলামপুর চৌরাস্তা মোড়সংলগ্ন গোপিরায়ের বেড় এলাকার মৃত জামিল উদ্দিন সানার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলার বাঁকা এলাকা থেকে কয়েকজন মোটরসাইকেলযোগে কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের কাছারীবাড়িতে অনুষ্ঠিত বৃক্ষ মেলা দেখতে আসছিলেন। পথে বাগালী ইউনিয়নের ইসলামপুর চৌরাস্তা মোড় এলাকায় মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পার হওয়া রফিকুল ইসলামকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।দুর্ঘটনায় আহতরা হলেন—পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামের বিল্লাল গাজীর ছেলে মো. রায়হান গাজী, কাঠিপাড়া (বাঁকা) গ্রামের সন্দীপ মণ্ডলের ছেলে অন্তর মণ্ডল এবং একই এলাকার আজিজ সরদারের ছেলে মো. হৃদয় হোসেন। তারা কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল আলম বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেররণ করা হয়েছে।