
হুমায়ুন কবির, ময়মনসিংহঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এ মেলায় শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের তাত্ত্বিক জ্ঞানে সীমাবদ্ধ না রেখে হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং উদ্যোক্তা মনোভাব গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।
এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম-এর আওতায় আয়োজিত এ মেলায় ১৫টি স্টলে ক্ষুদে বিজ্ঞানীরা তাদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর ধারণা উপস্থাপন করেন। মেলায় মূলত তিনটি ক্যাটাগরিতে—স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং ইনোভেশন আইডিয়া প্রদর্শন করা হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উপস্থাপিত এসব উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে সমাজের বিভিন্ন সমস্যা সমাধান, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) মোতাহার হোসেন তালুকদার, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জীবন আরা।
এছাড়াও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা মেলায় অংশগ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন স্টল ও উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন এবং তাদের কাজের প্রশংসা করেন।
Leave a Reply