
বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১টি ইজিবাইক ভিতর থেকে ইয়াবা ট্যাবলেট সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার বসতপুর গ্রামের একটি বাজারের পশ্চিম পাশে আব্দুল্লাহর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে এ মাদকের চালান সহ নুর হোসেন মোল্লার ছেলে সবিনুর মোল্লা (৩৫), মৃত শুকুর আলীর ছেলে পারভেজ হোসেন (২৬), সিরাজ বিশ্বাসের ছেলে নয়ন বিশ্বাস (৩০) এবং নুর হোসেন টুটুলের ছেলে হাবিবুর রহমান হাবিবকে (৩২) আটক করা হয়। এ সময় এদের কাছ থেকে ৩৫ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে শার্শা থানা পুলিশের একটি টহল দল।এরা প্রত্যেকে শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই গোরা চাঁদ দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে বসতপুর বাজারে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আজ শনিবার (১৮ জুলাই) সকালে আটকদের যশোর জেল হাজতে প্রেরন করা হয়েছে।