
নিজস্ব প্রতিনিধি:: রমজান মাসের শেষ শুক্রবার বিশ্বজুড়ে পালিত ‘বিশ্ব আল-কুদস দিবস’ উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র্যালি ও বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৩ মার্চ, ২৩ রমজান) বাদ জুমা নগরীর শিববাড়ী মোড়ে (বাবরি চত্বর) আঞ্জুমান-এ-পাঞ্জাতানী, খুলনা এবং জামিইয়াতে মুহিব্বীনে আহলে বাইত বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর সভাপতি হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রজাভী। তিনি বলেন, “আল-কুদস দিবস কেবল ফিলিস্তিনিদের নয়, বরং এটি সারা বিশ্বের মজলুম মানুষের মুক্তির প্রতীক। দখলদার জায়নবাদী ইসরায়েল এবং তাদের দোসরদের বর্বরোচিত হামলা ও আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে আজ সীসাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি আরও বলেন, পবিত্র আল-কুদস (জেরুজালেম) মুক্ত না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইব্রাহিম ফাইজুল্লাহ। সমাবেশ শেষে নগরীতে একটি বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ র্যালি বের করা হয়। পুরো কর্মসূচিটি পরিচালনা করেন আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল।
বক্তারা সাম্প্রতিক সময়ে ইরানের ওপর বর্বরোচিত হামলা ও আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাম্রাজ্যবাদী শক্তির আস্ফালন রুখতে হলে ইসলামি সংহতির বিকল্প নেই। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় মুসল্লিরা ‘নারায়ে তাকবীর-আল্লাহু আকবার’, ‘বাইতুল মুকাদ্দাস-মুক্ত করো’ এবং ‘বিশ্ব মুসলিম এক হও’ স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
সবশেষে ফিলিস্তিন ও বাইতুল মুকাদ্দাসসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও বিজয় কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply