
বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। রোববার বেলা ১১টায় জেলা জজ কোর্ট প্রাঙ্গণে এ মানববন্ধন হয়। এতে জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক আইনজীবী অংশ নেন।এ সময় সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শেখ ওহিদুজ্জামান দিপু বলেন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে। তা না হলে ভবিষ্যতে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় প্রশাসনকে নিতে হবে।
বক্তারা বলেন, একজন আইনজীবীকে নির্মমভাবে হত্যা করা শুধু একটি পরিবারের ওপর আঘাত নয়, এটি সমগ্র আইনজীবী সমাজ ও বিচারব্যবস্থার ওপর আঘাত। নৃশংস এ ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
অন্যথায় আইনজীবী সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা নিহত অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্তর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। কর্মসূচি শেষে তারা দ্রুত বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।