
আন্তর্জাতিক ডেস্ক:: শত্রুপক্ষের নৌযান মোকাবিলায় হরমুজ প্রণালিতে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হালকা প্রকৃতির বিশেষ সাবমেরিন মোতায়েন করেছে ইরানের নৌবাহিনী। ইসলামি বিপ্লবী গার্ড কোরের নৌবাহিনী এসব সাবমেরিনকে ‘পারস্য উপসাগরের ডলফিন’ নামে উল্লেখ করেছে।
প্রতিরক্ষা সূত্রের বরাতে পার্সটুডে জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরানি এক ভাষণে বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা সাবমেরিনগুলো শত্রুর হুমকি মোকাবিলায় সক্ষমতা প্রদর্শন করতে পারে এবং প্রয়োজন হলে হরমুজ প্রণালীর বিস্তীর্ণ এলাকায় অবস্থান নিতে সক্ষম।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় পানির গভীরে সমুদ্রতলে অবস্থান করা এবং শত্রুপক্ষের বিভিন্ন জাহাজকে বাধা দেওয়া ও ধ্বংস করার সক্ষমতা এসব হালকা সাবমেরিনের অন্যতম বৈশিষ্ট্য। এ কারণেই এগুলোকে ‘পারস্য উপসাগরের ডলফিন’ বলা হয়।
ইরানের নৌবাহিনীর কমান্ডার জানান, হরমুজ প্রণালীতে ‘দেনা’ ডেস্ট্রয়ারের শহীদদের স্মরণে আয়োজিত এক অভিযানে দেশের সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শনের জন্য এসব সাবমেরিন পানির উপরিভাগে উঠে আসে। পরে কয়েকটি প্রদর্শনীমূলক মহড়া শেষে তারা পুনরায় নির্ধারিত দায়িত্ব পালনের জন্য গভীর সমুদ্রে ফিরে যায়।
সূত্র: তাসনিম নিউজ ও পার্সটুডে
Leave a Reply