শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ :

‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান

  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে গণমাধ্যম এখনো প্রকৃত অর্থে স্বাধীন নয়। তিনি মনে করেন, বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করা জরুরি।

শুক্রবার (৭ আগষ্ট) সকালে বাগেরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দেশের সামগ্রিক রাজনৈতিক, অর্থনৈতিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক হত্যাকাণ্ড, সহিংসতা, দমন-পীড়ন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তিনি বলেন, “মানুষের নাভিশ্বাস উঠে গেছে। এই পরিস্থিতিতে সরকার কতটা সফল হয়েছে, সেই রায় জনগণই দেবে। এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।”

বিদ্যুৎ খাতের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, দেশের মানুষ পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছে না। অথচ ‘ভূতুড়ে বিলের’ কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

রাজনৈতিক সহিংসতা সম্পর্কে ডা. শফিকুর রহমান বলেন, দেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তার ভাষ্য অনুযায়ী, এ ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে।

গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, “গণমাধ্যম কোনো কালেই পুরোপুরি স্বাধীন ছিল না, এখনও স্বাধীন আছে বলে আমি মনে করি না। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকতে হবে।”

বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কেন্দ্রীয় জামায়াত নেতা ও সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুছ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভা শেষে ডা. শফিকুর রহমান বাগেরহাট জেলা রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews