
হুমায়ুন কবির, ময়মনসিংহ প্রতিনিধি:: ময়মনসিংহের ফুলপুর উপজেলার গৃহবধূ রেনু রানী হত্যা মামলায় তারাকান্দা উপজেলার ৩ নম্বর কাকনী ইউনিয়নের তৈয়রকান্দি গ্রামের মাজহারুল ইসলাম (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ জুন দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কাকনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি তৈয়রকান্দি গ্রামের ইব্রাহিম ওরফে কালামের ছেলে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদ শেষে আসামি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি উল্লেখ করেন, ঘটনার দিন বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে বাড়ি ফেরার পথে রেনু রানী ধর্মীয় মন্ত্র উচ্চারণ করছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে তার সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তাকে একটি ডোবার পানিতে চেপে ধরে হত্যা করেন বলে জবানবন্দিতে উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, গত ২২ জুন ফুলপুর উপজেলার পয়ারি ২য় খণ্ড গ্রামের ননী গোপালের স্ত্রী রেনু রানী নিখোঁজ হন। পরদিন ২৩ জুন তারাকান্দা উপজেলার তৈয়রকান্দি গ্রামের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের পর তদন্তের ভিত্তিতে মাজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।