বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :

জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনপদে শিক্ষার নবজাগরণ ঃ দাকোপে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২৩৫ বার পড়া হয়েছে

দাকোপ(খুলনা)প্রতিনিধি:: উপকূলীয় জনপদ খুলনার দাকোপে শিক্ষার প্রসার, তরুণদের অনুপ্রেরণা এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়ে ব্যতিক্রমী আয়োজন করেছে হিউম্যানিটি পাবলিক লাইব্রেরি। গত শনিবার সকাল ১১টায় সুতারখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় “দাকোপ উপজেলার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দিকনির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।
দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া এবং উচ্চশিক্ষার জন্য বিদেশগামী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা, নেতৃত্ব, নাগরিক দায়িত্ববোধ ও বৈশ্বিক সুযোগ-সুবিধা বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনায় হিউম্যানিটি পাবলিক লাইব্রেরির অন্যতম উপদেষ্টা অধ্যাপক ড. নাভিদ সালেহ-এর পাঠানো শুভেচ্ছা বার্তা পাঠ করে শোনান আশিকুর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠুর সরকারি জরুরী দায়িত্ব পালনের কারণে মূল অনুষ্ঠানে অংশ নিতে না পারলেও পরবর্তীতে সংবর্ধনা স্মারক গ্রহণকালে লাইব্রেরির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের গেস্ট অব অনার ও মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং এমসিএন/ইউএন একাডেমিক ইমপ্যাক্টের সিভিক লার্নিং কাউন্সিলের ইনঅগুরাল চেয়ার ডেভিড ড্যাউল্যান্ড।
তিনি বলেন, “বিশ্বের অনেক স্থানে লাইব্রেরি কার্যক্রম সংকুচিত হচ্ছে, এমন সময়ে বাংলাদেশের একটি প্রত্যন্ত উপকূলীয় গ্রামে তরুণদের জন্য লাইব্রেরি প্রতিষ্ঠা ও পরিচালনা করা সত্যিই অনুপ্রেরণাদায়ক উদ্যোগ। আমি বিশেষভাবে আরাফাত হোসেন আকাশকে ধন্যবাদ জানাই, যিনি এই অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করছেন।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ও প্রধান ড. মোঃ হাসান হাওলাদার, বিটিসিএলের টেকনিক্যাল অফিসার মঞ্জুরুল বারী কবির, দাকোপ প্রেসক্লাবের সহসভাপতি আজগর হোসেন ছাব্বির, বাংলাদেশ পুলিশের এসআই মো. খায়রুল আলম, শিশুদের জন্য আমরা সংগঠনের সভাপতি বেলাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিউম্যানিটি পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি আরাফাত হোসেন আকাশ। অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য নির্বাচিত মোট ১৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
তারা হলেন প্রিতম বৈদ্য (খুলনা বিশ্ববিদ্যালয়), আরিফ শেখ (খুলনা বিশ্ববিদ্যালয়), রায় উৎস কুমার (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), মোঃ আরিফ মোড়ল (রাজশাহী বিশ্ববিদ্যালয়), শুভ্র মোড়ল, ঐশী বিশ্বাস, পিউ মণ্ডল, অমিতাভ মণ্ডল, লিটন রায় ও আফসানা আক্তার (গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহ)।
বিদেশে উচ্চশিক্ষার জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন বৃষ্টি খাতুন (সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি, দক্ষিণ কোরিয়া), হাসিব জামান নিলয় (ফ্রাঙ্কফুর্ট ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস, জার্মানি), হাদিউজ্জামান (মারডক ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া) এবং মেহেদী হাসান (উসুক ইউনিভার্সিটি, দক্ষিণ কোরিয়া)। অনুপস্থিত শিক্ষার্থীদের পক্ষে তাদের পরিবারের সদস্যরা সংবর্ধনা স্মারক গ্রহণ করেন। হিউম্যানিটি পাবলিক লাইব্রেরির এই আয়োজন প্রমাণ করেছেÑপরিবর্তনের সূচনা কখনও কখনও একটি ছোট্ট গ্রামীণ পাঠাগার থেকেও হতে পারে। অনুষ্ঠানে লোকাল পার্টনার হিসাবে ছিল শিশুদের জন্য আমরা, Youth Climate Network Youth for Coastal Resilience- YCR Shuloban

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews