
ছবি: সংগৃহীত
স্পোর্টস ডেস্ক:: দীর্ঘ এক দশকের সম্পর্কের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। দীর্ঘদিনের সঙ্গী জর্জিনাকে বিয়ে করে আর্জেন্টিনার সঙ্গেও পারিবারিক সম্পর্কে যুক্ত হলেন রোনালদো।
পর্তুগিজ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, লিসবনের কাছাকাছি কাসকাইস এলাকায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। বিয়েতে উপস্থিত ছিলেন তাদের পাঁচ সন্তানও।
বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে জর্জিনার হাতের ওপর নিজের হাত রাখা একটি ছবি প্রকাশ করেন রোনালদো। দুজনের হাতেই ছিল বিয়ের আংটি। ছবির সঙ্গে ভালোবাসার ইমোজি দিয়ে ‘সি’ ও ‘জি’ লেখেন তিনি। পোস্ট দেওয়ার আধা ঘণ্টার মধ্যেই ছবিটিতে ৩০ লাখের বেশি লাইক পড়ে।
গত বছরের ১১ আগস্ট বাগদানের খবর জানিয়েছিলেন এই জুটি। জর্জিনা তখন আংটির ছবি প্রকাশ করে জানান, রোনালদোর বিয়ের প্রস্তাবে তিনি সম্মতি দিয়েছেন। এক বছর পর সেই সম্পর্ক বিয়েতে রূপ নিল।
জর্জিনার জন্ম আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে। ২০১৬ সালে মাদ্রিদে একটি প্রতিষ্ঠানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করার সময় রোনালদোর সঙ্গে তার পরিচয় হয়। তখন রোনালদো খেলতেন রিয়াল মাদ্রিদের হয়ে। সেই পরিচয় থেকেই শুরু হয় তাদের সম্পর্ক।
দীর্ঘ প্রায় ১০ বছর পর বিয়ের মাধ্যমে আনুষ্ঠানিক পরিণতি পেল তাদের সম্পর্ক। ফলে মজা করে বলাই যায়, পর্তুগিজ তারকা রোনালদো এবার সত্যিই ‘আর্জেন্টিনার জামাই’!