
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি করতে পাইকগাছা উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার প্রাথমিক বিদ্যালয়সমূহের মাঝে গাছের চারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার গদাইপুর ইউনিয়নের সততা নার্সারির প্রাঙ্গণে আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে প্রথম পর্যায়ে গদাইপুর ইউনিয়নের ১২টি, পৌরসভার ৪টি এবং লস্কর ইউনিয়নের ৮টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে গাছের চারা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্তসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও প্রতিনিধিবৃন্দ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে উপজেলার সকল সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গাছের চারা বিতরণ করা হবে। এ উদ্যোগের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণে সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সচেতন করে তোলাই মূল লক্ষ্য।