
সংগৃহীত ছবি
ডেস্ক:: পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল আনা হয়েছে। দুই উপ-পুলিশ মহাপরিদর্শকসহ (ডিআইজি) ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়।
উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীরকে পুলিশ অধিদপ্তরে (টিআর পদে) এবং সদর দপ্তরের অপর ডিআইজি (টিআর পদে) মাহফুজুর রহমানকে সারদা পুলিশ একাডেমিতে স্থলাভিষিক্ত করা হয়েছে।
পাশাপাশি পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার দুই কর্মকর্তাকেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশের এসপি কাজী মো. ছোয়াইবকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং এসপি মো. মনিরুজ্জামানকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।
এ ছাড়া অতিরিক্ত ডিআইজি পদেও পরিবর্তন এসেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার রায়হান উদ্দিন খানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে এবং সদর দপ্তরের এআইজি সহেলী ফেরদৌসকে এপিবিএনে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
Leave a Reply