
চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারীতে কৃষিকদের স্মার্ট কার্ড নিবন্ধনের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ২ টায় চরবানিয়ারী ইউনিয়নের পাঁচপাড়া মন্দির চত্বরে এ উদ্বোধনী অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার প্রধান অতিথি হিসেবে স্মার্ট কার্ড নিবন্ধনের জন্য তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন করেন। আগামী ৫ আগষ্ট পর্যন্ত এ তথ্য সংগ্রহের কাজ চলবে। যারা কৃষক, মৎস্য চাষি ও খামারী তাদের এ স্মার্ট কার্ড দেওয়ার জন্য তথ্য সংগ্রহ করা হবে।
চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত-আল-মারুফের সভাপতিত্বে এ সময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফেরদৌস আনসারী, প্রাণী সম্পদ কর্মকর্তা আহম্মেদ ইকবাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আমিনুল হক।
সভায় বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং সর্বাধিক অগ্রাধিকার ভূক্ত কার্যক্রম স্মার্ট কার্ড প্রদানের লক্ষে এ তথ্য নিবন্ধনের কাজ চলবে। দয়া করে কেউ কোন ভূয়া বা মিথ্যা তথ্য দিবেন না।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও চরবানিয়ারী ইউনিয়নের কৃষকেরা উপস্থিত ছিলেন।