
হুমায়ুন কবির, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৮৮ পিস ইয়াবা ও ৭০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে তারাকান্দা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার গজহরপুর গ্রামের আলমগীর হোসেনের ফিসারিঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তারাকান্দা থানার এসআই লিটন চন্দ্র পাল সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ঘটনাস্থল থেকে ১৮৮ পিস ইয়াবা ও ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— গজহরপুর গ্রামের আলমগীর হোসেন (৪৭), সাধুপাড়া গ্রামের মো. দেলোয়ার হোসেন (৬০), নগুয়া গ্রামের মো. ফয়সাল মিয়া (৩২) এবং সাধুপাড়া গ্রামের হাবিবুর রহমান (২৮)। তাদের সকলের বাড়ি তারাকান্দা থানাধীন ময়মনসিংহ জেলায়।
পুলিশ জানায়, এ ঘটনায় তারাকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
তারাকান্দা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।