
বেনাপোল প্রতিনিধি:: যশোর-নড়াইল সড়কের নীলগঞ্জ নামক স্থানে অভিযান চালিয়ে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মু্ল্যের ২২০.৪৯ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বারসহ একজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
বুধবার (২২ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ ব্যাটালিয়ন এর একটি আভিযানিক টহলদল যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে নীলগঞ্জ ব্রীজের উপর থেকে স্বর্নের এ চালানটি আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলো-সাতক্ষীরা জেলার সদর থানার নলকুরা লাপসা গ্রামের মিজানুর রহমানের ছেলে সাদিকুর রহমান সুমন(৩৩)।
বিজিবি জানায়, তাদের কাছে গোপন একটি খবর আসে ঢাকা থেকে একজন স্বর্ন পাচারকারী স্বর্নের একটি চালান নিয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচার করবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা যশোর নীলগঞ্জ ব্রিজের উপর গোপনে অবস্থান নেয়। পরে একটি বাস তল্লাশি করে স্বর্ণ পাচারকারী সাদিকুর কে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ২২০.৪৯ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বার,১টি মোবাইল এবং নগদ ৫ হাজার ২৮৫ টাকা পাওয়া যায়। এ সময় তাতে আটক করা হয়।আটককৃত স্বর্ণের সিজার মূল্য ৪৬ লাখ ৬৩ হাজার ৩৭০ টাকা। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।