
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পরিবেশ ও প্রকৃতিরক্ষাসহ মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা আজ (বৃহস্পতিবার) খুলনা বয়রাস্থ মেট্রো পুলিশ লাইন্স হাই স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। খুলনা পরিবেশ অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থা জে জে এস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অতিথিরা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বেশি করে বৃক্ষরোপণ এবং পরিচর্যা করতে হবে। সুন্দর পৃথিবী গড়তে আমাদের নগরায়নের পাশাপাশি সবুজায়নের দিকে এগিয়ে যেতে হবে। পরিবেশরক্ষায় নিজে সচেতন হতে হবে, অন্যকে সচেতন করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ ও সুন্দর পৃথিবী উপহার দিতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাঁরা আরও বলেন, নেশা জাতীয় দ্রব্য মানুষের স্বাভাবিক বিকাশের জন্য ক্ষতি তাই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায়। বেসরকারি উন্নয়ন সংস্থা জে জে এস এর নির্বাহী পরিচালক মো: জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: হারুন-অর-রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভিকটিম সাপোর্ট সেন্টারের অফিসার ইনচার্জ মোছা. মাহমুদা খাতুন, সমাজ সেবক এমডি সহিদুল আলম, কাজী আমিনুল ইসলাম বাহার ও উজনের নির্বাহী পরিচালক মনসুর আলম চৌধুরী। স্বাগত বক্তৃতা করেন মেট্রো পুলিশ লাইন্স হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক বৈদ্য নাথ দাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক কমিটির আহবায়ক এ্যাড. শেখ অলিউল ইসলাম। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।