
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::খুলনার পাইকগাছায় সুন্দরবনের ওপর নির্ভরশীল ৩৫ জন জেলের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার গড়ইখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের মাঝে চাল বিতরণ করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
এ সময় প্রত্যেক জেলেকে ৮০ কেজি করে চাল প্রদান করা হয়। সুন্দরবননির্ভর জেলেদের জীবিকা সহায়তা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আব্দুস সালাম কেরু এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলেদের জীবন-জীবিকা সুরক্ষা ও খাদ্য সহায়তা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের অংশ হিসেবে এ চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।