
বাগেরহাট প্রতিনিধি:: “বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লালকার্ড”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ জুন (বুধবার) সকালে বাগেরহাট প্রেসক্লাব চত্বরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), বাগেরহাটের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সনাক সভাপতি অ্যাডভোকেট মোঃ শাহ আলম টুকু-এর সভাপতিত্বে এবং টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর শেখ বশির আহমেদ-এর সঞ্চালনায় মানববন্ধনে জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সনাক, ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন: শেখ আসাদুর রহমান (বাগেরহাট জেলা শিশু বিষয়ক কর্মকর্তা)ইয়ামিন আলী (গণমাধ্যমকর্মী)প্রফেসর চৌধুরী আব্দুর রব, পূরবী রানী দাস ও অসীমা ঘোষ (সনাক সদস্য)সুরাইয়া আক্তার (জেলা সমন্বয়কারী, বাদাবন)এহসানুল হক (প্রকল্প সমন্বয়কারী, এডিডি ইন্টারন্যাশনাল)ছালেহ আহমেদ রাব্বি (সিডো)অর্ণব মিস্ত্রি (এসিজি সদস্য)মোঃ মাহমুদ হাসান ছাকিব (ইয়েস দলনেতা) প্রমুখ। আইনের কার্যকর প্রয়োগ ও নজরদারির আহ্বানে মানববন্ধনে বক্তারা বলেন, শিশুরাই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ। কিন্তু নানাবিধ আর্থ-সামাজিক কারণে এ দেশের অনেক শিশুই স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারছে না। জীবন-জীবিকার তাগিদে কিংবা জোরপূর্বক শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বক্তারা আরও উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমানে অনেক পথশিশু মাদকাসক্ত হয়ে পড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি প্রয়োজন।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মোঃ শাহ আলম টুকু বলেন, ”আমাদের দেশে পর্যাপ্ত এবং চমৎকার সব আইন রয়েছে, কিন্তু মাঠপর্যায়ে সেগুলোর কার্যকর প্রয়োগ দেখা যায় না। শিশুশ্রম পুরোপুরি বন্ধ করতে হলে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও তাদের সঠিকভাবে বেড়ে ওঠার দায়িত্ব সংশ্লিষ্ট সবাইকে নিতে হবে।”কর্মসূচির শেষভাগে বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধের লক্ষ্যে টিআইবি ও সনাকের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ১১টি সুনির্দিষ্ট সুপারিশ পেশ করা হয়।
Leave a Reply