
স্পোর্টস ডেস্ক:: চলমান ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্স। টানা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অব ৩২-এ ওঠার পর, নকআউট পর্বেও দাপট দেখিয়েছে কিলিয়ান এমবাপ্পে-উসমান দেম্বেলেরা। সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে অনায়াসে শেষ ষোলো নিশ্চিত করেছে ফরাসিরা।
টানা এই জয়ের সুবাদে বড় সুখবর পেয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা। আর্জেন্টিনাকে টপকে বিশ্ব র্যাংকিংয়ের এক নম্বরে উঠে এসেছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখনো আনুষ্ঠানিকভাবে এই র্যাংকিং প্রকাশ করেনি।
র্যাংকিংয়ের তিন নম্বরে থেকে বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল ফ্রান্স। তখন তাদের রেটিং পয়েন্ট ছিল ১৮৭০.৭০। সে সময় শীর্ষে ছিল আর্জেন্টিনা (১৮৭৭.২৭ পয়েন্ট) এবং দুইয়ে ছিল স্পেন (১৮৭৪.৭১ পয়েন্ট)।
গ্রুপ পর্ব ও রাউন্ড অব ৩২ মিলিয়ে টানা চার ম্যাচ জেতায় ফ্রান্সের ঝুলিতে যোগ হয়েছে ৪৫.৫৪ রেটিং পয়েন্ট। ফলে তাদের বর্তমান মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৯১৬.২৪। অন্যদিকে, দুই নম্বরে নেমে যাওয়া আর্জেন্টিনার বর্তমান রেটিং পয়েন্ট ১৯০৭.৪০ এবং ১৮৭৯.৫৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে স্পেন।
র্যাংকিংয়ের অন্য দলগুলোর মধ্যে চার নম্বরে রয়েছে ইংল্যান্ড। এক ধাপ করে এগিয়ে পাঁচ, ছয় ও সাত নম্বরে জায়গা করে নিয়েছে যথাক্রমে ব্রাজিল, মরক্কো ও নেদারল্যান্ডস। তবে তিন ধাপ পিছিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল এখন আট নম্বরে। এছাড়া পাঁচ ধাপ এগিয়ে মেক্সিকো নয় নম্বরে এবং বেলজিয়াম অবস্থান করছে দশম স্থানে।